Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরে দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

রংপুরে দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক ►
রংপুরের পীরগাছায় দুই আমেরিকাপ্রবাসী ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আমেরিকাপ্রবাসী ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পকেট গেটের ওপরের দেয়াল টপকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। পরে আলমারি শাবল দিয়ে ভেঙে সেখানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের স্ত্রী-সন্তান রংপুর নগরীতে বসবাস করেন। সম্প্রতি দুই ভাই আমেরিকা থেকে দেশে এসেছেন। আগামী শুক্রবার তাদের আমেরিকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভুক্তভোগী ফজলে রাব্বী রাসেল বলেন, তাদের ঘরে থাকা প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার স্বর্ণালংকার লুট হয়েছে। কিছু চেকের পাতাও ছিঁড়ে ফেলা হয়েছে। বিদেশে কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর পর এমন ঘটনায় তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাড়ির গৃহপরিচারিকা বেদানা বেগম বলেন, সন্ধ্যার দিকে মেয়েকে রংপুরে পাঠিয়ে তিনি বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বাইরে যান। পরে ফিরে এসে দেখেন, গেটটি ভেতর থেকে আটকানো। পরে ওপর দিয়ে উঠে গেট খুলে ঘরে ঢুকে আলমারি ভাঙা ও সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি গৃহপরিচারিকা ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় প্রবাসী ভাইদের চাচা আব্দুল খালেক সুলতান বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। মামলার পর স্থানীয় মনু মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের বাড়িতে এ ধরনের ঘটনা দুঃখজনক। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad