
অনলাইন ডেস্ক ►
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সভায় ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হবে।
এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা কমিটি ছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে। চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।