Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল

আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল

অনলাইন ডেস্ক ►
আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত থেকে জাতীয় গ্রিডে ধাপে ধাপে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপরও। অনেক এলাকায় কমেছে সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন এবং স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাসের চাপ।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) প্রকৌশলী মো. শহীদুল হক টিবিএসকে বলেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ হয়েছে। বর্তমানে অবজারভেশন মোডে পরিচালনা করা হচ্ছে এবং আজ ভোররাত থেকেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আগে থেকেই সচল টার্মিনালটি থেকে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এবং মেরামতের পর চালু হওয়া টার্মিনালটি থেকে প্রায় ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করে সরবরাহ আরও বাড়ানো হবে। সবকিছু স্বাভাবিক থাকলে খুব শিগগিরই টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে। গ্যাস সরবরাহ বাড়তে শুরু করায় চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতেও পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে। নগরীর মুরাদপুর এলাকার ফসিল পেট্রোল পাম্পের ব্যবস্থাপক মো. ফখরুদ্দীন ইসলাম শিমুল টিবিএসকে বলেন, গতকাল রাত থেকে গাড়ির চাপ কিছুটা কমেছে। সংকটের সময় পাম্পে গ্যাসের চাপ ১৫০ থেকে ১৭০-এর মধ্যে ওঠানামা করছিল, যেখানে স্বাভাবিক রিডিং ২২০। চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস দিতে অনেক বেশি সময় লাগত। এখন আবার ২২০ রিডিং পাওয়া যাচ্ছে এবং গাড়ির লাইন প্রায় নেই বললেই চলে।

আবাসিক গ্রাহকরাও গ্যাস পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন। নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা মো. হাসান টিবিএসকে বলেন, সকাল থেকে বাসায় মোটামুটি স্বাভাবিক গ্যাস পাচ্ছি। সকালে রান্নার কাজও ঠিকভাবে হয়েছে। ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে এলএনজি টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফলে দেশে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকরা তীব্র সংকটে পড়েন। টার্মিনালটি পুনরায় চালু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad