Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এনআইডি সংশোধনে আবেদন ৬৩ লাখ, ১৩ লাখ বাতিল

এনআইডি সংশোধনে আবেদন ৬৩ লাখ, ১৩ লাখ বাতিল

অনলাইন ডেস্ক  ►
এনআইডির তথ্য সংশোধনের জন্য গত সাড়ে ছয় বছরে নির্বাচন কমিশনে (ইসি) ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করেছে সংস্থাটি। তবে যাচাই-বাছাই শেষে প্রায় ১৩ লাখ আবেদন বিভিন্ন কারণে বাতিল বা প্রত্যাখ্যান করা হয়েছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের শুরু থেকে চলতি বছরের ২ আগস্ট পর্যন্ত ৬ বছর ৭ মাসে এনআইডি সংশোধনের মোট আবেদন জমা পড়ে ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি। এর মধ্যে ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

অনুমোদন দেওয়া হয়েছে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি আবেদন। অন্যদিকে ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। বর্তমানে এক লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নাম, জন্মতারিখ, ঠিকানাসহ বিভিন্ন তথ্য সংশোধনের জন্য নাগরিকরা আবেদন করেন।

অধিকাংশ আবেদন উপজেলা পর্যায়েই নিষ্পত্তি হয়। তবে আবেদনের ধরন ও জটিলতার ওপর ভিত্তি করে জেলা, আঞ্চলিক কিংবা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়েও আবেদন নিষ্পত্তি করা হয়। প্রতিবেদন অনুযায়ী, এনআইডি সংশোধনের সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত ক ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে আবেদন হয়েছে ৪১ লাখ ২৭ হাজার ৯৩৭টি, যা মোট আবেদনের প্রায় ৬৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬টি আবেদন জমা পড়েছে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত খ ক্যাটাগরিতে।

এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার গ ক্যাটাগরিতে ৬ লাখ ২ হাজার ৭১৭টি এবং এনআইডি মহাপরিচালকের ঘ ক্যাটাগরিতে ১ লাখ ৫৫ হাজার ৪৮৮টি আবেদন জমা হয়েছে। এ ছাড়া সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার ক-১ ক্যাটাগরিতে আবেদন হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭২টি এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার খ-১ ক্যাটাগরিতে ১ লাখ ১০ হাজার ১০টি, যা ছয় ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কম।

স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এনআইডি সংশোধনের আবেদন ক, ক-১, খ, খ-১, গ ও ঘ—এই ছয় ক্যাটাগরিতে নিষ্পত্তি করা হয়। আবেদনের জটিলতা বিবেচনায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট ক্যাটাগরি নির্ধারণ করেন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম বলেন, চাকরির আবেদন, বিদেশযাত্রাসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে অনেকেই দ্রুত এনআইডি সংশোধনের আবেদন করেন। আবেদনে যৌক্তিক কারণ উল্লেখ থাকলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তা নিষ্পত্তির উদ্যোগ নিই।

এদিকে এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)কে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিশনের আশা, কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে এনআইডি সেবার মান আরও উন্নত হবে। ইসির সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad