
অনলাইন ডেস্ক ►
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই ও স্থায়ী সমাধান হলো তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে এই জোরালো দাবি জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আজ শনিবার (২০ জুন) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, সমাজ ও নিরাপত্তার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে অত্যন্ত আগ্রহী। সংকটটি যেহেতু মিয়ানমারে তৈরি হয়েছে, তাই এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে। এই মানবিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াতে আহ্বান জানান তিনি।