
অনলাইন ডেস্ক ►
জাপানের ‘আওশিমা’ এবং ‘তাশিরোজিমা’ নামের দুটি ছোট্ট দ্বীপ বিশ্বজুড়ে ‘ক্যাট আইল্যান্ড’ বা বিড়ালের দ্বীপ হিসেবে পরিচিত। এই দ্বীপগুলোতে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা কয়েকগুণ বেশি। মূলত বিংশ শতাব্দীতে মাছ ধরার নৌকাগুলোকে ইঁদুরের হাত থেকে বাঁচাতে দ্বীপে বিড়াল আনা হয়েছিল। পরবর্তীতে মানুষের সংখ্যা কমে গেলেও বিড়ালগুলো দ্রুত বংশবৃদ্ধি করে দ্বীপের প্রধান বাসিন্দায় পরিণত হয়।
আওশিমা দ্বীপে বিড়ালের সংখ্যা এখন কিছুটা কমছে, কারণ ২০১৮ সালে তাদের বংশ নিয়ন্ত্রণে নির্বীজকরণ করা হয়েছিল। অন্যদিকে, তাশিরোজিমা দ্বীপে এখনও প্রচুর বিড়ালের বাস। সেখানে একটি বিড়াল মন্দির এবং বিড়ালের আকৃতির সুন্দর কটেজ রয়েছে পর্যটকদের জন্য। স্থানীয়রা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করেন এবং বিড়ালদের নিরাপত্তার জন্য এই দ্বীপে কুকুর নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।