Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম

বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক ►
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের আগে রেফারিংয়ে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এমন কিছু নতুন ক্ষমতা পেতে যাচ্ছে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফলাফলই বদলে দিতে পারে।

বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) ঘোষণা করেছে, এখন থেকে কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় স্পষ্ট ফাউল করলে এবং সেই ফাউলের সরাসরি প্রভাব গোল, পেনাল্টি বা শাস্তিমূলক সিদ্ধান্তে পড়ে, তাহলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। এতদিন বল খেলার মধ্যে না আসা পর্যন্ত এমন অনেক ঘটনা ভিএআর-এর আওতার বাইরে থাকত। কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি বদলে যাচ্ছে। যদি ভিএআর মনে করে ফাউলটি স্পষ্ট এবং সেটির কারণে গোল বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, তাহলে অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা হবে।

রেফারি ভিডিও দেখে নিশ্চিত হলে গোল বাতিল হতে পারে, প্রয়োজনীয় কার্ড দেখানো হবে এবং কর্নার বা ফ্রি-কিক পুনরায় নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিশ্বখ্যাত সাবেক ইতালিয়ান রেফারি এবং বর্তমানে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা এই পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। তিনি উদাহরণ হিসেবে চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের প্রীতি ম্যাচের একটি গোলের কথা তুলে ধরেন। সেই ম্যাচে কর্নার নেওয়ার আগে ইংল্যান্ডের মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসকে ব্লক করেছিলেন বলে অভিযোগ ছিল।

পরে বেন হোয়াইট গোল করেন। নতুন নিয়ম কার্যকর থাকলে সেই গোলটি বাতিল হতে পারত বলে মনে করেন কলিনা। তার ভাষায়, ‘এ ধরনের গোলকে বৈধ বলা যায় না। যদি বল খেলায় আসার ঠিক আগে স্পষ্ট ফাউল হয়, তাহলে সেটি উপেক্ষা করার কোনো কারণ নেই।’ এতেই শেষ নয়। বিশ্বকাপে ভিএআর-এর দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখানো হলে সেটিও পর্যালোচনা করা যাবে। এছাড়া ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে ভিএআর সংশোধনের সুযোগ পাবে। এমনকি কর্নারের বদলে গোল-কিক হওয়ার কথা থাকলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
খেলোয়াড়দের আচরণ নিয়েও কঠোর হচ্ছে ফিফা। ম্যাচ চলাকালে মুখ হাত, বাহু বা জার্সি দিয়ে ঢেকে গোপন আলোচনা করার চেষ্টা করলে এবং সেটিকে রেফারি সন্দেহজনক মনে করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। তবে স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আরেকটি বিষয় নিয়েও উদ্বিগ্ন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। সাম্প্রতিক সময়ে অনেক দল ইচ্ছাকৃতভাবে ইনজুরির সুযোগ নিয়ে খেলা থামিয়ে মাঠের ভেতর ছোটখাটো টিম মিটিং করছে। বিশেষ করে গোলরক্ষক মাটিতে পড়ে থাকলে পুরো দল কোচের কাছে গিয়ে নির্দেশনা নিচ্ছে।

এই প্রবণতা বন্ধে এখনো নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা হয়নি। তবে কলিনা জানিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা এ বিষয়ে সতর্ক থাকবেন। তিনি বলেন, ‘গোলকিপার আহত হতে পারে, কিন্তু সেটাকে টাইম-আউট বানানোর অধিকার কোনো দলের নেই। খেলোয়াড়রা বেঞ্চের কাছে গিয়ে কোচের সঙ্গে বৈঠক করবে—এটা আমরা হতে দেব না।’ ফুটবলের নিয়মে এই পরিবর্তনগুলো বিশ্বকাপের মতো বড় আসরে ম্যাচ পরিচালনাকে আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার লক্ষ্যেই আনা হচ্ছে। তবে নতুন নিয়ম মাঠে কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad