Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৩ মিনিট আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলছড়ির বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম এবং জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা শুধু ব্যক্তিগত নয়, জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। অপুষ্টি দূরীকরণে সবাইকে সচেতন হতে হবে এবং বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টির বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তারা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবার গ্রহণের ওপর জোর দেন। এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল পুষ্টি খাতে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা, শিশু পুষ্টি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফুড বাস্কেট বিতরণ, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা।

এছাড়া মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিতরণ, প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad