
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় তিনজন এবং সাঘাটা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় নিহতরা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই ঘটনায় আহত শামীম (১৮) নামের এক তরুণকে স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সঙ্গে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাঘাটা উপজেলার নম্বার আলী (৬৫) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। পৃথক এই বজ্রপাতের ঘটনায় দুই উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।