
নিজস্ব প্রতিবেদক ►
গ্যাস ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গাইবান্ধা জেলা কমিটি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ এবং সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য রোধের দাবি জানানো হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। এতে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মন্ডল এবং ফুলছড়ি উপজেলা নেতা আব্দুল্লাহ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বল্প সময়ের ব্যবধানে গ্যাসের দাম কয়েক দফা বাড়িয়ে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে অবিলম্বে এসব গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবনে চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।