Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৬, সময়ঃ সকাল ১১:৪৫
  • ৬৯ বার দেখা হয়েছে

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পৌঁছায়, দুপুরে দাফন

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পৌঁছায়, দুপুরে দাফন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহতের মরদেহ আজ শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে গ্রামে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই-বোন, আবার কেউ হারিয়েছেন জীবনের শেষ ভরসাটুকু। এরই মধ্যে পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খনন করা হয়েছে। যোহর নামাজের পর জানাজা শেষে তাদের চিরনিদ্রায় শায়িত করা হবে। নিহতরা হলেন-নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে; নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই গার্মেন্টস শ্রমিক হিসেবে জীবিকার তাগিদে ঢাকায় কর্মরত ছিলেন।

নিহত দোলা বেগমের গল্প আরও বেশি বেদনাদায়ক। ঈদের ছুটিতে বাড়ি এসে তিনি নিজের একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই তিনি নিজেই হয়ে গেলেন লাশ যা পুরো এলাকাবাসীকে আরও বেশি স্তব্ধ করে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালেই মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, যোহরের নামাজের পর জানাজা শেষে একই কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad