
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে চ্যানেল আইতে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক এক আলোচনা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেছেন দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক এবং অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন সিডিএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই (মাইক্রোফাইন্যান্স ইনন্সটিটিউট) শীর্ষক আলোচনায় এসকেএস ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন সংস্থাটিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেক্ষাপট তার আলোচনায় বিস্তারিতভাবে বর্ণনা করেন। সাধারণ মানুষকে সামাজিকভাবে ক্ষমতায়ন ও তাদেরকে কর্মমুখী উন্নয়নমূলক কাজের সাথে ক্ষুদ্রঋণকে বিভিন্ন কার্যক্রমের সাথে সমন্বয় করে প্রাতিষ্ঠানিকীকরণ করার কৌশল ও প্রেক্ষাপট নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন তার আলোচনায় সংস্থার শুরু কিভাবে হলো তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন শুরুতে সাঘাটা উপজেলার কিছুগ্রামে দেখতে পান সেখানে দরিদ্র মানুষেরা দিনে দিনে আরো দরিদ্র্র হচ্ছেন, ধনীরা দরিদ্রদের প্রতি কোনো নজর দেন না বরং তাদেরকে সামাজিকভাবে শোষণ করা হতো। নদী ভাঙনের শিকার মানুষেরা খোলা আকাশের নিচে রাত কাটাতো। এমতাবস্থায় রাসেল আহম্মেদ লিটন একটি ক্লাব তৈরী করে সামর্থ্যবান মানুষদের কাছে সাহায্য হিসেবে টাকা তুলে সমস্যাগুলোর সমাধান করে দিয়ে স্থানীয়ভাবে সকলের আস্থা অর্জন করলেন। সেই সময়ে ক্লাব থেকে ক্লাবকে সংস্থায় পরিণত করলেন যেখানে ধাপে ধাপে সরকারের সকল আইনি রেজিস্ট্রেশন নিয়ে সংস্থাকে পরিপূর্ণতা দিয়ে এসকেএস এর কার্যক্রম শুরু হয়। কিছু দাতা সংস্থা এগিয়ে এসেছিলো দরিদ্রদের উন্নয়নে কাজ করার জন্য।
দাতা সংস্থাগুলি এসকেএস এর সাথে পার্টনারশিপে কাজ করার ফলে তখন এসকেএস এর পক্ষে দরিদ্রদের দিনে দিনে সক্ষম করতে সহায়ক হয় বলে আলোচনায় জানা যায়। এমনিভাবে এসকেএস ফাউন্ডেশন পরবর্তীতে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম শুরু করে আর্থিকভাবে গ্রামের নারী-পুরুষের সক্ষমতা অর্জনে এখনও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসকেএস পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের সাথে সমন্বয় করে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলির সাথে সমন্বয় করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একটি জাতীয় সংস্থা হিসেবে দেশের প্রায় অধিকাংশ এলাকায় কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে বার্ষিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা হয়। এদিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক বলেন, এনজিওগুলোর সাথে আগে লিংকেজ করতে বাধা ছিলো যা এখন আর নাই। তিনি বলেন, কমার্শিয়াল ব্যাংকগুলোকে খাত ভিত্তিক ও অঞ্চলভিত্তিক একত্রে সমন্বয় করেই বিভিন্ন উদ্যোক্তাদের সক্ষমতা অর্জনে সহযোগিতা করা হয়।