
অনলাইন ডেস্ক ►
ঢাকাই সিনেমায় কয়েক দশকের ব্যবধানে একই নামে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। কখনো পুরোনো গল্পই নতুন করে পর্দায় এসেছে, কখনো কেবল নামটি এক রেখে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন কাহিনী। একসময় যে নামে দর্শক মাতিয়েছেন রাজ্জাক, কবরী কিংবা ফারুক, সেই নামেই পরে পর্দায় এসেছেন শাকিব খান, সালমান শাহ কিংবা বাপ্পী চৌধুরীর মতো তারকারা।
সুজন সখী, প্রিয়তমা, তুফান, রংবাজ ও নায়ক একই নামের এমন পাঁচ সিনেমার গল্পে চোখ ফেরানো যাক।
সুজন সখী
১৯৭৫ সালে মুক্তি পায় খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’। এতে অভিনয় করেন ফারুক ও কবরী। প্রায় দুই দশক পর, ১৯৯৪ সালে একই নামে আরেকটি সিনেমা নির্মাণ করেন শাহ আলম কিরণ। এতে জুটি বাঁধেন সালমান শাহ ও শাব-নূর।
প্রিয়তমা
১৯৭৩ সালে মুক্তি পায় অশোক ঘোষ পরিচালিত ‘প্রিয়তমা’। এতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক ও ববিতা। প্রায় ৫০ বছর পর, ২০২৩ সালে একই নামে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত আরেকটি সিনেমা। এতে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। নাম এক হলেও দুই সিনেমার সময়কাল ও অভিনয়শিল্পীরা ভিন্ন।
তুফান
অশোক ঘোষ পরিচালিত ‘তুফান’ মুক্তি পায় ১৯৭৮ সালে। এতে অভিনয় করেন শাবানা, ওয়াসিম, সুচরিতা ও মাহমুদ কলি। অন্যদিকে, ২০২৪ সালে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত একই নামের নতুন সিনেমা। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী। নামের মিল থাকলেও দুই সিনেমার গল্প ও নির্মাণশৈলী আলাদা।
রংবাজ
১৯৭৩ সালে মুক্তি পায় জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’। এতে অভিনয় করেন রাজ্জাক ও কবরী। মুক্তির পর সিনেমাটি আলোচনায় আসে। এরপর ২০১৭ সালে একই নামে নির্মিত আরেকটি সিনেমা মুক্তি পায়। এতে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।
নায়ক
২০০২ সালে মুক্তি পায় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। এতে অভিনয় করেন মান্না ও পূর্ণিমা। ১৬ বছর পর, ২০১৮ সালে একই নামে আরেকটি সিনেমা নির্মাণ করেন একই পরিচালক। এতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী ও অধরা খান।