
অনলাইন ডেস্ক ►
ভাল্বের সমস্যার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনে আসার সময় পিছিয়ে যাচ্ছিল। সেই ভাল্বের উচ্চচাপ পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টার দিকে ১৬ মেগাপাসকেল চাপে প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (পিওআরভি) পরীক্ষা শেষ হয় বলে রোসাটমের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রমও পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, প্রতিক্রিয়া, সতর্কসংকেত এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত নিরাপত্তা শর্ত ও অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছে।
রোসাটমের সূত্র বলছে, পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে ভাল্বের পরীক্ষা করা হবে। প্রতিটি ধাপের ফলাফল যাচাই করে পরবর্তী পরীক্ষায় যাওয়া হচ্ছে।
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে বিভিন্ন নিরাপত্তা ও কারিগরি ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে চাপ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ভাল্বের কার্যকারিতা যাচাই একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভাল্বের সমস্যার কারণে প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় দেরি হচ্ছিল। ১৬ মেগাপাসকেল চাপে পরীক্ষাটি সফলভাবে শেষ হওয়ায় এখন পরবর্তী ধাপের পরীক্ষার দিকে এগোচ্ছে কমিশনিং দল।