Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৪ মিনিট আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

অনলাইন ডেস্ক ►
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ বিপত্তি ঘটে। ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর বগিগুলো আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশন থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং লেভেল ক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে থাকে। তবে ট্রেনচালক বগি বিচ্ছিন্নের বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার পথ এগিয়ে যান। রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী অনুপ কুমার পাল বলেন, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। একঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় বগিগুলো উদ্ধার করা হয়।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, ‘বিকল্প ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার পর ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad