
অনলাইন ডেস্ক ►
‘এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব’—রাজধানীর মিরপুরে নিজের স্টুডিওতে হামলা-ভাঙচুরের পর এভাবেই অভিমানের সুরে কথাগুলো বলছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে তার স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।
এর আগে স্টুডিও থেকে কে বা কারা চাঁদা চেয়েছে বলে শুনেছেন সালমান মুক্তাদির। যা তিনি নিজেই জানান। তার ভাষ্য, চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা হয়েছে। হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমাকে বলেছে যে চাঁদা দেয়নি এই জন্য ঘটনাটি ঘটেছে। এখন চাঁদাতো আমার কাছে চায়নি। চাঁদা চাইলে আমি ডেফিনেটলি দিতাম। যদি আমার পোষাতো তখন আমি অবশ্যই দিতাম। তবে উনারা কেন দেয়নি, কত টাকা দেয়নি। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই।’
তিনি আরও বলেন, ‘এটা বাহিরের লোকজনদের কাছ থেকে শুনলাম। বাট আই ডোন্ট কেয়ার। যে কারণেই হোক না কেন, হয়েছেতো; এটাই বাংলাদেশ। ‘লাকিলি (সৌভাগ্যক্রমে) আমার পক্ষে এটা কোপআপ করা সম্ভব। আমি সব সময় নিজের দমে কাজ করে আসছি। আর এই সেম জিনিসটা আমি করবো। তবে টেনশন হচ্ছে- আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাতে পারবে?’
অভিমানের সূরে তিনি বলেন, ‘এটা বাংলাদেশ; এখানে আমার দোষ দেওয়ার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই। আপনারা বাংলাদেশের চিত্র চুলে ধরতেছেন। বাংলাদেশ এ রকমই; এখানে জন্মেছি এভাবেই জন্মাবো; যদি পারি বের হয়ে চলে যাব। যারা পারছে না তারা এখানে থেকে যাবে।’