
অনলাইন ডেস্ক ►
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের কর্মসূচির ‘ওষুধ’ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়াও শুরু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়াও শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’
লংমার্চের পথে কোনো বাধাকে পরোয়া করা হবে না জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদেও সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠা না হয়।’
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চ কর্মসূচি পালন করছে। শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। পথে নির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।