
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩০টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও সাঘাটা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নশিরারপাড়া এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করে আসছিল একটি চক্র। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে কয়লা তৈরির চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
অভিযানে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বলেন, “পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধভাবে কাঠ পোড়ানো ও কয়লা তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।