Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, অচেতন অবস্থায় উদ্ধার

বগুড়ায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, অচেতন অবস্থায় উদ্ধার

বগুড়া প্রতিনিধি ►
ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন টহল পুলিশ সদস্যরা।

পরে তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে বলেও পুলিশ সদস্যরা জানিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে বাসে করে তাঁরা বাড়ি ফিরছিলেন।

বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের অচেতন করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে নেয়। পরে বাসের  হেলপার ও সুপারভাইজার তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, ‘তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা হারিয়েছেন। ভোররাতে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad