Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মার্কিন হামলায় ইরানে শিশু ক্যান্সার হাসপাতাল ক্ষতিগ্রস্ত

মার্কিন হামলায় ইরানে শিশু ক্যান্সার হাসপাতাল ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক ►
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, হামলায় একটি শিশু ক্যান্সার হাসপাতাল ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর অবরোধ আরও জোরদার করেছে। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তেহরান এবং জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, কোনারাক, রাস্ক, খন্দাব, খোররমাবাদ ও আহভাজসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানের মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় তেহরানের শহীদ বাঘাই হাসপাতালের শিশু ক্যান্সার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমোথেরাপি গ্রহণরত শিশুসহ সব রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, একটি সেনা ব্যারাকেও হামলা হয়েছে।

এতে অন্তত সাত সেনাসদস্য নিহত এবং সর্বশেষ হিসাবে ৩৫ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, অবরোধ ভেঙে অগ্রসর হওয়া কুরাসাওয়ের পতাকাবাহী খালি তেলবাহী জাহাজ এমটি বেলমাকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে অচল করে দেওয়া হয়েছে।

পাল্টা জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আইআরজিসির আরও দাবি, আন্দিমেশকের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে সংঘাতের মধ্যেই সউদী আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলার এবং কুয়েতের জন্য ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত অনুমোদনের আগে প্রস্তাব দুটি মার্কিন কংগ্রেসে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি চুক্তিতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেছেন, তেহরান আলোচনায় না ফিরলে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সমঝোতা থেকে বাস্তব সুবিধা না পেলে তা মেনে চলার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad