
অনলাইন ডেস্ক ►
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর তাকে প্রথমে গ্রাম্য কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার মৃত কেতু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরার পথে নিজবাড়ির অদূরে অন্ধকার রাস্তায় হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপে কাটার পর ওই ব্যক্তিকে প্রথমে গ্রাম্য কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’