Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

ভুয়া ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, মোবাইল ফোন, সিম কার্ড এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান। 

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজ-এর তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় দলের আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের মজলিস শেখের ছেলে সোহানুল ইসলাম (৪০), ভোলা সদর উপজেলার রাজাপুরা পশ্চিম ইলিশা এলাকার আব্দুল গণির ছেলে মোহাম্মদ খলিলুর রহমান খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামের মহানন্দ বালার ছেলে বরুণ বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের আবুল কালামের ছেলে দুলাল মিয়া (৪০)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সন্দেহ এড়াতে বিভিন্ন কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় ব্যবহার করত। এ জন্য তারা ভুয়া পরিচয়পত্রও বহন করত। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad