.jpg)
জয়পুরহাট প্রতিনিধি ►
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাতে সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, রাজকুমার ও বন্দনার মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই জেরে রাজকুমার তাকে পিটিয়ে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী রাজকুমারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দকী বলেন, নিহত বন্দনা রানীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার কান দিয়ে রক্ত বের হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।