Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চিকিৎসক সংকটে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার কার্যক্রম

চিকিৎসক সংকটে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার কার্যক্রম

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ►

দিনাজপুরের বিরামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে। এনেস্থেসিয়া, গাইনি এবং সার্জারি বিশেষজ্ঞ না থাকায় গত তিন বছর ধরে হাসপাতালের অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও কোনো ধরনের অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

বিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী তিনটি উপজেলার রোগীরা চিকিৎসার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। কিন্তু অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু ও হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে রোগীদের অনেক সময় দিনাজপুর বা রংপুরের বড় হাসপাতালে রেফার করতে হচ্ছে।

হাসপাতালে সেবা নিতে আসা জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে আসলেও ডাক্তার সংকটের কারণে ঠিকমতো সেবা পাই না। যেকোনো সমস্যা হলেই আমাদের দূরে রেফার করে দেওয়া হয়। প্রসূতি সেবা নিতে আসা আলো নামের এক নারী জানান, হাসপাতালে সিজারের ডাক্তার নেই, গাইনি কনসালট্যান্ট নেই। অথচ আমাদের মতো সাধারণ মানুষের জন্য বাইরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করানো অনেক ব্যয়বহুল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ জন মেডিকেল অফিসারের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন। ১১ জন কনসালট্যান্ট (বিশেষজ্ঞ) পদের মধ্যে শিশু বিশেষজ্ঞ ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়িত থাকলেও তারা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে (সংযুক্তিতে) কর্মরত। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী, আয়া ও ওয়ার্ড বয়ের তীব্র সংকট থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ জানান, আমাদের একটি সুসজ্জিত অপারেশন থিয়েটার রয়েছে, কিন্তু এনেস্থেসিয়া, গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় অস্ত্রোপচার বন্ধ রাখতে হয়েছে। মেডিসিন, চর্ম ও যৌনসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পদগুলোও শূন্য পড়ে আছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন বলেন, হাসপাতালের বর্তমান সংকটময় পরিস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। আশা করছি দ্রুত কনসালট্যান্ট নিয়োগের মাধ্যমে অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad