Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ মিনিট আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে আল খায়ের ফাউন্ডেশনের কুরবানির মাংস পেল ৬০০টি পরিবার

ফুলছড়িতে আল খায়ের ফাউন্ডেশনের কুরবানির মাংস পেল ৬০০টি পরিবার

ফুলছড়ি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসহায়, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আল খায়ের ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে উপজেলার বিভিন্ন চর ও নদীভাঙনকবলিত এলাকার ৬০০ পরিবারের মাঝে দুই কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলার ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপাধ্যক্ষ আব্দুল মোমেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, সমাজসেবক রওশন হাবিব রোজ, সহকারী অধ্যাপক কারী আমিনুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম বাবু, ফুলছড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ নুর আলম,সাংবাদিক আমিনুল হক ও আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ফুলছড়ি উপজেলায় প্রতি বছরই নদীভাঙনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। অনেক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবে। তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আল খায়ের ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, শুধু ঈদ নয়, বছরজুড়েই সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে আল খায়ের ফাউন্ডেশন। বিশেষ করে নদীভাঙনকবলিত ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সংগঠনটি নিয়মিত কাজ করছে। মাংস নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, অর্থনৈতিক সংকট ও নদীভাঙনের কারণে তাঁদের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাঁদের পরিবারের জন্য দুই কেজি মাংস অনেক বড় সহায়তা। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad