.jpg)
বজলুল করিম ►
অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকতা মশিউর রহমান মনযোগ দিয়ে চোখ বুলাচ্ছেন খবরের কাগজে। ইন্টারনেটের যুগে যেখানে খবর এখন হাতের নাগালে সেখানে এই প্রান্তিক জনগোষ্ঠির কাছে এই পত্রিকার ফলক যেন দেশ বিদেশের সংবাদ জানার অন্যতম মাধ্যাম হিসেবে ধরা দিয়েছে।
আত্মউন্নয়ন পাঠাগারের উদ্যোগে নির্মিত পত্রিকা ফলকটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালীর নীলকুঠিতে অবস্থিত। এখানে প্রতিদিন হাজারো মানুষ বিনামূল্যে খবরের কাগজ পড়েন। দেশ থেকে বিদেশে ঘটে যাওয়া নানান খবরা খবর জানতে পারেন। এই ফলকটিতে জায়গা করে নিয়েছে জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক মাধুকরসহ জাতীয় পত্রিকা সমূহ।
গটিয়া গ্রামের সাইদুর রহমান বলেন, প্রতিদিন প্রায় ৪ কিলোমিটার দূর থেকে এসে এই পত্রিকা ফলকে দেশ-বিদেশসহ নানা খবর জানতে পারি। স্থানীয় সাবুল হোসেন ভরসা জানান, আমি নিয়মিত সময় করে একবার হলেও পত্রিকা ফলকে চোখ বুলাই, বিশেষ করে স্থানীয় খবরের জন্য দৈনিক মাধুকর পত্রিকা একটু বেশি দেখি। কারণ স্থানীয় পত্রিকা হিসেবে এটা খুব জনপ্রিয় আমাদের নদী ভাঙা মানুষের খবরা খবর ও জীবনমান উন্নয়নের খবর প্রচার করে।
ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা জানান, অনেকেরেই খবরের কাগজ কেনা সম্ভব হয় না। রাস্তার পাশে পত্রিকা ফলটির অবস্থান হওয়ায় যাতায়াতের সময়ে একটু হলেও পত্রিকার পাতায় চোখ বুলিয়ে প্রতিদিনের ঘটে যাওয়া সংবাদগুলো জানেন।
আত্মউন্নয়ন পত্রিকা ফলকের প্রতিষ্ঠাতা হাসান মেহেদী বিদ্যুৎ জানান, এই সেবামূলক কাজে নিজে জড়াতে পেরে আমি গর্বিত মনে করছি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত করা এই পত্রিকা ফলক এখন সাধারণ মানুষের কাছে এক খবরের ভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে বলে তিনি জানান।
আধুনিক যুগে ইন্টারনেট খবরের চেয়ে সংবাদ পত্রের খবরকে বিশ্বাস ও আস্থার মাধ্যম বলছে সাধারণ মানুষ। তাদের দাবি এই ফলকটি আরো বড় পরিসর ও অন্যান্য সংবাদপত্র সংযুক্ত করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।