Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কালবৈশাখীতে বীরগঞ্জে ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড—হাড়ভাঙা পরিশ্রম হারিয়ে দিশেহারা কৃষক

কালবৈশাখীতে বীরগঞ্জে ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড—হাড়ভাঙা পরিশ্রম হারিয়ে দিশেহারা কৃষক

সুলতান মাহমুদ দিনাজপুর ►
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এক রাতের প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে শত শত একর ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে প্রকৃতির এই তাণ্ডবে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার হাজারো কৃষক। একই সঙ্গে ইরি ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ঝড়ের তীব্রতায় বিস্তীর্ণ এলাকার ভুট্টা গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে। অধিকাংশ গাছে ইতোমধ্যে মোচা চলে আসায় এমন অবস্থায় গাছ ভেঙে পড়ায় ফলনের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনেক ক্ষেতেই গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

বিরলের নিজপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাসের কঠোর পরিশ্রম, সার, কীটনাশক ও সেচের পেছনে বিপুল অর্থ ব্যয় করে তারা ভুট্টা চাষ করেছিলেন। অনেকেই এনজিও কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে আবাদ করেছেন। কিন্তু আকস্মিক এই দুর্যোগে সেই বিনিয়োগ ফিরে পাওয়া নিয়েই এখন চরম অনিশ্চয়তায় তারা।

উপজেলার মোহনপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, আমার প্রায় ৩ বিঘা জমির ভুট্টা একেবারে শেষ হয়ে গেছে। এতদিনের পরিশ্রম এক রাতেই শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, সেটাই বুঝতে পারছি না।

একই গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, “ভুট্টার গাছে মোচা চলে এসেছিল। আর কয়েকদিন পরই কাটার কথা ছিল। কিন্তু ঝড়ে সব মাটিতে পড়ে গেছে। এখন এই গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব না। আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত।

বীরগঞ্জ শহরের বাসিন্দা নাজমুল হোসেন জানান, “শুধু ভুট্টা নয়, ঝড়ে অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গ্রামীণ জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন বলেন, “হঠাৎ এই কালবৈশাখী ঝড়ে ভুট্টার পাশাপাশি ধানেরও কিছু ক্ষতি হয়েছে। বেশ কিছু এলাকার ভুট্টা গাছ মাটির সঙ্গে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া ধানের ফুল ঝরে যাওয়ায় উৎপাদনে কিছুটা ঘাটতি হতে পারে। কিছু জমিতে পাকা ধানও ঝরে পড়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad