
অনলাইন ডেস্ক ►
ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার রাতে একটি বিশেষ বিমানে তিনি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কূটনৈতিক মহলের মতে, ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সফরে।
অন্যদিকে, একই সময়ে ইসলামাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শনিবার তাদের সঙ্গে ইরানের প্রতিনিধিদের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা নেই। এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মূলত ইরানি পক্ষের আগ্রহের প্রেক্ষিতেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।