
সাদুল্লাপুর প্রতিনিধি ►
গাইবান্ধার সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার উপজেলার দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হিরা বেগম (২৫) ও মুকুল মিয়া (৪০)। হিরা বেগম দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী। মুকুল মিয়া কামারপাড়া ইউনিয়নের খামার বাগচি এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
স্বজনরা জানিয়েছে, বুধবার দুপুরে মুকুল মিয়া মোটরসাইকেলে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৮টার দিকে হিরা বেগম একটি বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। কান্তানগর এলাকার রানুর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হিরা বেগম। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, মুকুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। অন্য ঘটনার বিষয়ে আপাতত কোনো তথ্য দিতে পারছেন না।