
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী বহনকারী একটি অটোভ্যান দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। এতে কেজি শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি কোচ দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী ব্রিজ এলাকায় স্কুলগামী শিক্ষার্থীদের বহনকারী একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমতলীর মোল্লা স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনায়েদ হাসান (৬) নিহত হয়।
নিহত জুনায়েদ হাসান চিরিরবন্দর উপজেলার পলাশডাঙ্গী গ্রামের জুয়েল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চিরিরবন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আমতলী বাজারের উভয় পাশে দুটি স্পিড ব্রেকার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নির্মাণ সম্ভব না হলেও আগামীকাল থেকেই কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে পলাতক বাসচালককে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।