
রংপুর প্রতিনিধি ►
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ আমাদের দেশের অন্যতম বড় শক্তি। তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে রংপুর জেলার ৮টি থানার দল অংশগ্রহণ করছে। প্রথম খেলায় অংশগ্রহণ করে কাউনিয়া থানা ও রংপুর সদর কোতোয়ালি থানা। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, শরিফুল আলম, শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান ও সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার রাসেল রানা, মুকুল হোসেন, আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার।