Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চুরি করতে গিয়ে ইউপি সদস্য রঞ্জু আটক

চুরি করতে গিয়ে ইউপি সদস্য রঞ্জু আটক

সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) রঞ্জু মিয়া (৪৫) ব্যটারি চালিত অটো রিক্সাভ্যান চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক রঞ্জু মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। আটকের বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, তার বিরুদ্ধে সাদুল্লাপুর সহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এসব কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি আরও জানান, কিছুদিন আগেও তিনি চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। এরপর তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। অটো রিক্সাভ্যান মালিক আশরাফুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ির ভিতরে তাঁর অটো রিক্সাভ্যানের কাছে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু বাড়ির আঙিনায় লাগানো লাউ ও কুমড়া গাছের বেড়ার জালে জড়িয়ে পড়ে তিনি আটকে যান।

পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশে সোর্পদ করেন। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক রঞ্জু মিয়াকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল জানান, রঞ্জু মিয়া ইউপি সদস্য নির্বাচিত হলে আর চুরি করবেন না। এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে এলাকাবাসী তাকে বিগত ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেন। কিন্তু ভালো হবার প্রতিশ্রুতি দিলেও বাদ দিতে পারেননি পুরাতন অভ্যাস। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad