Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপিত

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপিত

পিআইডি, রংপুর ►
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন, সনাক ও টিআইবি, রংপুর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে এখনো সাধারণ মানুষের একটি বড়ো অংশ অবগত নন। তাই এই আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের উদ্যোগ নিতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক ও নির্ভুল তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। সংবাদ পরিবেশনের আগে তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে, যাতে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না পড়ে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ গুজব বা অপতথ্য ছড়ালে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ রাখার আহ্বান জানান ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম বলেন, ডিজিটাল যুগে সরকারি সেবা ও তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রতিবেদন ও অন্যান্য সরকারি তথ্যসূত্রে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব তথ্য সহজ ও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রংপুর টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির তথ্য অধিকার আইন ও রংপুর জেলার সরকারি অফিসের ওয়েবসাইট হালনাগাদ-সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার বিষয়ে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad