Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অনুমোদনের অপেক্ষায় মেট্রোরেলসহ ১৫ উন্নয়ন প্রকল্প

অনুমোদনের অপেক্ষায় মেট্রোরেলসহ ১৫ উন্নয়ন প্রকল্প

অনলাইন ডেস্ক ►
২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)। এদিন সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

পরিকল্পনা বিভাগের নোটিশ অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।

ভৌত অবকাঠামো খাতের আওতায় ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫’-এর সাউদার্ন রুট প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উঠবে। এটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের অধীন জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ও সভায় উপস্থাপন করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প তালিকায় রয়েছে। এগুলো হলো, বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের জন্য আবাসিক ও অন্যান্য সুবিধা নির্মাণ। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী একনেকে উঠছে।

এ ছাড়া খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন (১ম সংশোধনী), মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পগুলোও পর্যালোচনা করা হবে।

স্বাস্থ্য খাতের তিনটি বড় প্রকল্প-মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন, যক্ষ্মা-এইচআইভি ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা এবং আর্থিক খাত সহায়তা প্রকল্প-২ তালিকায় রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের মুসাপুর রেগুলেটর নির্মাণ এবং ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও (৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা ও ২টি উপজেলায় ডিজিটাল জরিপ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত আরও ১৫টি প্রকল্প একনেক সভায় কেবল অবগতির জন্য উপস্থাপন করা হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভাসানচরে সবুজ বেষ্টনী স্থাপন ও কক্সবাজারে পুনঃবনায়ন, দেশি মুরগির গবেষণা ও সংরক্ষণ, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন এবং সিলেটে বন্যার পূর্বাভাস সক্ষমতা বাড়াতে ডিজিটাল উচ্চতা মডেল তৈরির প্রকল্প।

এ ছাড়া সিলেট-১০ অনুসন্ধান কূপ খনন প্রকল্প, রংপুর অঞ্চলের পুরোনো সেতু প্রতিস্থাপনসহ শিক্ষা ও ক্রীড়া খাতের কয়েকটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পও এই অবগতির তালিকায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad