Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৭ মিনিট আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের অনুভূতি

অনলাইন ডেস্ক ►
টানা তিন দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এতে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলা রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে বেশি ঠান্ডা। বিশেষ করে ভোরে কুয়াশা ও ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের আমেজ।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাত ও ভোরে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঠাণ্ডার অনুভূতি বাড়তে শুরু করে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষকে বেশি ঠাণ্ডার মুখে পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।

দিনমজুর সালাম বলেন, সকালে কাজে বের হলে ঠাণ্ডা বেশি লাগে। ঠাণ্ডা বাতাসের কারণে সকালে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে অবশ্য ঠাণ্ডা কমে যায়। আরেকজন স্থানীয় বাসিন্দা সজিমুদ্দিন বলেন, রাতে ও ভোরে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে শীত বাড়ছে। সামনে তাপমাত্রা আরও কমলে শীতের প্রকোপ বাড়তে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাতের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বাড়ছে। আজ বৃহস্পতিবার ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad