
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৫ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪৭৮ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। সোমবার বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৪ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণে ২ হাজার ৩৫ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪৭৮ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন। এ ছাড়া নতুন করে ১৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
ফল পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন। তিনি বলেন, আবেদনকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব ফলাফলে পরিবর্তন এসেছে, সেগুলো সংশোধন করে প্রকাশ করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জিপিএ-৫ অর্জনের সুযোগ পেয়েছেন।