
অনলাইন ডেস্ক ►
বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আগ্রহীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স চালু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা ওপেন সায়েন্স এসেনশিয়ালস ২০২৬’ শীর্ষক এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। কোর্সটি সম্পন্ন করতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। সফলভাবে শেষ করলে পাওয়া যাবে ডিজিটাল ব্যাজ ও সনদ।
নাসার ওপেন সায়েন্স উদ্যোগের আওতায় পরিচালিত এ কোর্সে উন্মুক্ত তথ্য-উপাত্ত, গবেষণা, ওপেন সোর্স সফটওয়্যার, যৌথ গবেষণা ও বৈজ্ঞানিক স্বচ্ছতা সম্পর্কে ধারণা দেওয়া হবে। নিজের সুবিধামতো সময়ে অনলাইনে কোর্সটি সম্পন্ন করা যাবে। অর্জিত প্রশিক্ষণের তথ্য ওআরসিআইডি প্রোফাইলেও যুক্ত করা যাবে।
কোর্সে যা শেখানো হবে
কোর্সে পাঁচটি পাঠ রয়েছে। এতে উন্মুক্ত বিজ্ঞানচর্চার ধারণা, প্রয়োজনীয়তা, গবেষণায় এর সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি উন্মুক্ত গবেষণার পরিকল্পনা, ফেয়ার নীতিমালা, তথ্য ব্যবস্থাপনা, ওপেন সোর্স সফটওয়্যার, গবেষণার ফলাফল প্রকাশ এবং ডিওআই, ওআরসিআইডি, ডেটা রিপোজিটরি ও ভার্সন কন্ট্রোলের ব্যবহার শেখানো হবে। গবেষণার
পূর্বনিবন্ধন এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকার বিষয়টিও পাঠ্যসূচিতে রয়েছে।
সুযোগ-সুবিধা
কোর্স শেষে অংশগ্রহণকারীরা নাসার ডিজিটাল ব্যাজ ও সমাপনী সনদ পাবেন। পাশাপাশি আধুনিক গবেষণাপদ্ধতি, উন্মুক্ত তথ্য-উপাত্ত এবং যৌথ গবেষণা সম্পর্কে প্রাথমিক দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণের তথ্য ওআরসিআইডি প্রোফাইলে যুক্ত করার সুযোগও রয়েছে।
কারা আবেদন করতে পারবেন
নবম শ্রেণির শিক্ষার্থী থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর,পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ের গবেষকেরা এ কোর্সে অংশ নিতে পারবেন। শিক্ষক, পেশাজীবী এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহীরাও আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কোনো শিক্ষাগত বিভাগ বা নাগরিকত্বের শর্ত নেই।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের নাসার এসটিইএম গেটওয়ে ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সের ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুসারে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়াকরণে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর দুটি ই-মেইল পাঠানো হবে। প্রথম ই-মেইলে থাকা ‘Finish Registration: Canvas’ লিংকে ক্লিক করে ক্যানভাস অ্যাকাউন্ট তৈরি ও নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে। এরপর ই-মেইলে দেওয়া লিংক ব্যবহার করে কোর্সে প্রবেশ করা যাবে। বিস্তারিত দেখুন surli.cc/xjyghr এখানে।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।