Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩৪ মিনিট আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দেড় হাজার বছরের পুরোনো স্থাপনার নিচে মিলল দীর্ঘ সুড়ঙ্গ

দেড় হাজার বছরের পুরোনো স্থাপনার নিচে মিলল দীর্ঘ সুড়ঙ্গ

অনলাইন ডেস্ক ►
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ার নিচে সন্ধান মিলেছে সুড়ঙ্গ ও একাধিক ভূগর্ভস্থ কক্ষের। নতুন আবিষ্কৃত এসব সুড়ঙ্গের কোনো কোনোটি কয়েক শ মিটার দীর্ঘ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, খনন ও অনুসন্ধান অব্যাহত থাকলে মাটির নিচে আরও অনেক অজানা স্থাপনার সন্ধান পাওয়া যেতে পারে। খবর সিএনএন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নিচে এমন আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ শতকে নির্মিত বিশাল এই স্থাপনাটি প্রথমে গির্জা হিসেবে ব্যবহৃত হতো। পরে এটি মসজিদে রূপান্তরিত হয়, এরপর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। ২০২০ সাল থেকে আবারও মসজিদ হিসেবে চালু রয়েছে হায়া সোফিয়া।

বর্তমানে যে ভবনটি দেখা যায়, সেটি ওই স্থানে নির্মিত চতুর্থ ধর্মীয় স্থাপনা। এর আগে সেখানে একটি রোমান মন্দির ও দুটি গির্জা ছিল। বর্তমান স্থাপনাটি ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। তবে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, সম্প্রতি আবিষ্কৃত ভূগর্ভস্থ স্থাপনার কিছু অংশ বর্তমান হায়া সোফিয়া নির্মাণেরও আগের বলে ধারণা করা হচ্ছে।

গত বছর হায়া সোফিয়ায় তিন বছর মেয়াদি সংরক্ষণ ও সংস্কার প্রকল্প শুরু হয়। এর আওতায় ভবনটির কেন্দ্রীয় গম্বুজ সংস্কার এবং ভূমিকম্প সহনশীলতা আরও বাড়ানোর কাজ চলছে। পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন পেরিয়ে টিকে থাকা এই স্থাপনায় প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বিস্তৃত সংস্কারকাজ।

হায়া সোফিয়ার নিচে গোপন সুড়ঙ্গ থাকার কথা বহু শতাব্দী ধরেই প্রচলিত ছিল। ১৯৪০-এর দশকেও সেখানে ভূগর্ভস্থ অবকাঠামোর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ছিল রোমান আমলের চার কক্ষবিশিষ্ট একটি ভূগর্ভস্থ সমাধি। ২০২৫ সালের শুরুর দিকে হায়া সোফিয়ার একসময়ের খোলা প্রাঙ্গণের নিচে অবস্থিত খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষগুলো পরিষ্কার করার সময় নতুন স্থাপনাগুলোর সন্ধান মেলে।

এরপর থেকে এসব ভূগর্ভস্থ স্থাপনা পরিষ্কার, নথিভুক্ত ও সংরক্ষণের কাজ চলছে। আবিষ্কৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সুড়ঙ্গ, পানিপ্রবাহের নালা, খিলানযুক্ত কক্ষ, একটি সমাধি এবং একটি গোপন চলাচলের পথ। ধারণা করা হচ্ছে, পথটি পঞ্চম শতকের একটি রোমান সড়কের সঙ্গে যুক্ত ছিল।

আবিষ্কৃত ভূগর্ভস্থ এলাকাগুলো পরিষ্কারের প্রতিটি ধাপ স্থলভিত্তিক লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় হায়া সোফিয়ার বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকের লিখেছেন, কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অনন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটির সম্পূর্ণ ভূগর্ভস্থ অবকাঠামোর চিত্র উন্মোচিত হবে।

এ পর্যন্ত ভূগর্ভস্থ অবকাঠামো থেকে প্রায় তিন হাজার টন মাটি ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে। পরিষ্কার করা হয়েছে ৪২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ, যা প্রায় এক-চতুর্থাংশ মাইলের সমান। তবে এসব সুড়ঙ্গের বিস্তৃতি আরও কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ নভেম্বর তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় সরেজমিনে আবিষ্কৃত স্থানগুলো পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে ভূগর্ভস্থ এই সুড়ঙ্গব্যবস্থা পানি সরবরাহ ও বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ তিনি আরও বলেন, ‘হায়া সোফিয়ার ভূগর্ভস্থ স্থাপনাগুলো উন্মোচনের মাধ্যমে আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কেও নতুন করে জানতে পারছি।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad