
অনলাইন ডেস্ক ►
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি নিশ্চিত করতে পারবেন। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।
এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীরা জানতে পেরেছেন, কোন কলেজে ভর্তির জন্য তারা নির্বাচিত হয়েছেন। একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে শিক্ষার্থীরা চূড়ান্ত ফল দেখতে পারবেন। অনলাইন আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, গতকাল শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর আজ থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর সাথে রাখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে এবার একাদশ শ্রেণিতে ভর্তির ফি সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান ও এলাকার ধরন অনুযায়ী এ ফি ভিন্ন হবে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫০০০ টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩০০০ টাকা, জেলা পর্যায়ে সর্বোচ্চ ২০০০ টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১৫০০ টাকা নেয়া যাবে।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা-মফস্বল এলাকার জন্যও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে বলা হয়েছে।