
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
প্রায় দুই যুগের বেশি সময় ধরে গাইবান্ধায় নাট্যবিষয়ক গবেষণা ও চর্চা কেন্দ্র হিসেবে কাজ করে আসছে ‘ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড এডুকেশন (আইস)’ সংগঠনটি। এই সংগঠনটি নজরুল বর্ষ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছিলো নজরুলের জীবন দর্শন নিয়ে আলোচনা, নাটকের সংলাপ পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। শাহনাজ আমীন মুন্নি ও এস এম শাওন এর উপস্থাপনায় নজরুলের জীবন-দর্শন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু, দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, নাট্য ব্যক্তিত্ব আশারাফুল ইসলাম জুয়েল, নাট্য ব্যক্তিত্ব শাহ আলম বাবলু, আইস এর প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক ও মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ আমিন, কবি পিটু রশিদ, কলেজ শিক্ষক ও সাহিত্যিক শাহানাজ পারভীন শেলী, সংগীত শিল্পী ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম সরকার, নৃত্য প্রশিক্ষক স্বপন কুমার সাহা, ভাওয়াইয়া গানের শিল্পী ও গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের পরিচালক জিয়াউর রহমান জিয়া, মানবাধিকার নাট্য পরিষদের সংগঠক আলম মিয়া। নজরুলের ওপর কবিতা আবৃত্তি করেন আদিত্য আমিন, সাফি আমিন, চয়ন কুমার, শাহানাজ আমিন মুন্নি, মোহাম্মদ আমিন ও কিয়া চৌধুরী। নজরুলের গানের সাথে নৃত্য পরিবেশন করেন আবিদা আমিন অংকিতা ও রিদিতা সাহা। নজরুল সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, পলাশ চন্দ্র মোদক, আনোয়ারুল ইসলাম, সালাউদ্দিন ফকির , মমিন হক্কানি, মাসুম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন বাদশা ও রিতা আকতার। যন্ত্র সংগীতে সহযোগিতা করেছেন কি বোর্ডে শামীম, তবলায় উত্তম সরকার ও প্যাডে প্রবীর।
আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নান বলেন, নজরুলকে নিয়ে অনেকে বিভ্রান্তিমূলক লেখা লিখেছেন যা সঠিক নয় এবং শুধুই বিতর্কের জন্ম দেয়। তিনি যে বৈষম্য বিরোধী ছিলেন, সাম্প্রদায়িক বিরোধী ছিলেন, মানবতাবাদি ছিলেন সে বিষয়ে অধ্যাপক মাজহারউল মান্নান নজরুলের বিভিন্ন লেখার ব্যাখ্যা করে তার বক্তব্যে তুলে ধরেন। নজরুল প্রিয়াকে প্রেম নিবেদন করেছেন বিভিন্ন শব্দ ও ভাষার অলংকরণে। এ বিষয়ে তিনি উদাহরণ হিসেবে কবির লেখা-‘মোর প্রিয়া হবে এসো রানী/দেবো খোঁপায় তারার ফুল...’ গানটির প্রত্যেকটি শব্দ আলোচনায় ব্যাখ্যা করেন।