
অনলাইন ডেস্ক ►
শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত সিনেমা। যশ চোপড়া পরিচালিত ১৯৯৭ সালের এই সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমারও। সিনেমায় অক্ষয়কে দেখা যায় মাধুরী দীক্ষিতের ছোটবেলার বন্ধুর চরিত্রে। চরিত্রটি মাধুরীর প্রেমে ছিল। সিনেমাটি সফল হলেও অক্ষয় এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক পাননি বলে দীর্ঘদিন ধরে দাবি করা হয়। কেন পারিশ্রমিক দেননি যশ চোপড়া? প্রতিবেদন অনুযায়ী, শুরুতে এই চরিত্রে জ্যাকি শ্রফকে নেওয়ার কথা ভেবেছিলেন যশ চোপড়া।
পরে চরিত্রটিকে আরো তরুণ দেখানোর জন্য অক্ষয় কুমারকে নেওয়া হয়। সিনেমাটি মুক্তির পর পারিশ্রমিকের বিষয়ে অক্ষয় নির্মাতাদের সঙ্গে কথা বলতে গেলে যশ চোপড়া নাকি তাকে বলেছিলেন, সিনেমাটিতে কাজ করার সুযোগ পেয়েছেন—এ জন্য তার কৃতজ্ঞ থাকা উচিত। তবে এই ঘটনার সত্যতা অক্ষয় কুমার কিংবা যশ চোপড়ার পরিবারের পক্ষ থেকে কখনো প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। ১১ বছর যশরাজের সিনেমায় কাজ করেননি অক্ষয়? এই ঘটনায় অক্ষয় নাকি ক্ষুব্ধ হয়েছিলেন।
এরপর প্রায় ১১ বছর যশরাজ ফিল্মসের কোনো সিনেমায় কাজ করেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়। ২০০৮ সালে ‘তাশান’ সিনেমার মাধ্যমে আবার যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেন অক্ষয়। সিনেমাটিতে তার সঙ্গে ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। এ ছাড়া ‘দিল তো পাগল হ্যায়’-এর সময় অক্ষয়কে চুল ছোট করার কথাও বলা হয়েছিল বলে জানা যায়। কিন্তু তখন তিনি ‘খিলাড়ি’ সিরিজের সিনেমায় অভিনয় করছিলেন। তাই চুল ছোট করার প্রস্তাব মানতে রাজি হননি তিনি।
প্রযোজকদের বিরুদ্ধে পাওনা না দেওয়ার অভিযোগ করেছিলেন অক্ষয় যশ চোপড়া ও অক্ষয় কুমারের মধ্যে কথিত এই বিরোধের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত হয়নি। তবে ২০১৪ সালে উদ্যোক্তা গজল আলাঘের সঙ্গে কথা বলার সময় অক্ষয় জানিয়েছিলেন, কিছু প্রযোজক তার পাওনা পরিশোধ করেননি। গজল তাকে নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা বলার পর অক্ষয় জানান, তারও একই ধরনের অভিজ্ঞতা রয়েছে। তার বক্তব্য ছিল, কেউ তার সঙ্গে প্রতারণা করলে তিনি সাধারণত সেই ব্যক্তির সঙ্গে আর কথা বলেন না। চুপচাপ সরে যান।
কয়েকজন প্রযোজক তার পাওনা পরিশোধ করেননি বলেও জানান অক্ষয়। তবে তখন কোনো প্রযোজকের নাম উল্লেখ করেননি তিনি। ‘দিল তো পাগল হ্যায়’-এর আগে যশ চোপড়ার প্রযোজনায় ‘ইয়ে দিল্লাগি’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। সেখানে প্রধান চরিত্রে ছিলেন তিনি। পরে ‘তাশান’ সিনেমার মাধ্যমে আবার যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেন অক্ষয় কুমার।