
অনলাইন ডেস্ক ►
দেশের চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৈরী পরিস্থিতি বিবেচনায় গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পাবেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিস্থিতি ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জানানো হয়, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। শিক্ষার্থীদের এই সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি।
বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে বেশি আসন শূন্য রয়েছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং শূন্য আসনগুলোতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দিতে আগামী ২১ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমানে ৩৬টি আসন খালি রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এর মধ্যে ৩৫টি আসন মেধাভিত্তিক এবং একটি আসন কোটার জন্য সংরক্ষিত। ভর্তি কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি থাকা সাপেক্ষে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।