Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আর্জেন্টিনার পতাকার আদলে আলম মিয়ার ব্যতিক্রমী চা স্টল

আর্জেন্টিনার পতাকার আদলে আলম মিয়ার ব্যতিক্রমী চা স্টল

মোস্তাফিজুর রহমান ►
চায়ের কাপের টুংটাং শব্দ, ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত আড্ডা আর আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর থাকে গাইবান্ধা শহরের একটি ব্যতিক্রমী চা স্টল। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে নিজের পুরো চায়ের দোকানটিকেই আকাশি-সাদা রঙে সাজিয়ে তুলেছেন চা বিক্রেতা আলম মিয়া।

গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে সাদুল্লাপুর সড়কের খানকা শরীফ মোড়ে অবস্থিত আলম মিয়ার এই চা স্টল স্থানীয়দের কাছে এখন ‘মিনি স্টেডিয়াম’ নামে পরিচিত। দোকানের দেয়াল, টেবিল-বেঞ্চ, চুলা, এমনকি টিউবওয়েলও রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে আকাশি ও সাদা রঙে। আলম মিয়া জানান, দীর্ঘদিনের সঞ্চয় থেকে ১৮ হাজার টাকা ব্যয় করে তিনি দোকানটিকে নতুন রূপ দিয়েছেন। ফুটবলপ্রেমীদের খেলা দেখার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। আর্জেন্টিনার ম্যাচ চলাকালে প্রায় ৫০ থেকে ৫৫ জন দর্শক একসঙ্গে বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করতে পারেন।

তিনি বলেন, অনেক আগে থেকে আমি আর্জেন্টিনা দলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই পুরো দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। খেলা যত রাতেই হোক, দর্শকদের জন্য দোকান খোলা রাখি। আর্জেন্টিনার খেলার দিন ভক্তদের জন্য থাকে বিশেষ ছাড়। সাধারণ সময়ে ১০ টাকায় বিক্রি হওয়া দুধ চা ম্যাচ চলাকালে মাত্র ৫ টাকায় এবং তিন কাপ লাল চা ৫ টাকায় বিক্রি করা হয়। অনেক সময় সমর্থকদের বিনামূল্যেও চা পান করান তিনি।

আলম মিয়া বলেন, এখানে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, অন্যান্য দলের সমর্থকরাও আসেন। ফুটবলই আমাদের একসঙ্গে রাখে। খেলার সময় সবাই মিলে চাঁদা তুলে খাবারের আয়োজনও করা হয়। নিয়মিত দর্শক ও আর্জেন্টিনা সমর্থক নূর আলম সিদ্দিক বলেন, আলম ভাইয়ের দোকানটি এখন আমাদের মিলনমেলায় পরিণত হয়েছে। খেলা দেখার পাশাপাশি এখানে দারুণ পরিবেশে আড্ডা দেওয়া যায়।

ব্রাজিল সমর্থক আবু সাইদ বাবু বলেন, আমি ব্রাজিলের ভক্ত হলেও এখানে সবার সঙ্গে মিলেমিশে খেলা দেখি। আলম ভাই শুধু আর্জেন্টিনা সমর্থকদের নয়, খেলার সময় সব দলের সমর্থকদের জন্যই চায়ে ছাড় দেন। আমরা সবাই মিলে চাঁদা তুলে ভোজনের আয়োজন করি।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জলিল বলেন, এমন ব্যতিক্রমী চা স্টল খুব কমই দেখা যায়। ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় মিলনস্থলে পরিণত হয়েছে।

ফুটবল বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক বড় কোনো ম্যাচ সামনে এলেই ‘মিনি স্টেডিয়াম’ চা স্টলে দর্শকদের ভিড় বেড়ে যায়।আর্জেন্টিনা দলের প্রতি এক ভক্তের ভালোবাসা কীভাবে একটি সাধারণ চা স্টলকে ভিন্ন পরিচিতি এনে দিতে পারে, তার অনন্য উদাহরণ হয়ে উঠেছে আলম মিয়ার এই উদ্যোগ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad