
নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় নতুন অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে। ফলে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে শ্রেণিকক্ষের সংকট ছিলো তা দূরীভূত হতে চলেছে। এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ যেমন আরো উন্নত হবে তেমনি ভাবে সুন্দর পরিবেশে প্রকৃত শিক্ষা বিস্তারে বিদ্যাপিঠটি আরো ভূমিকা রাখবে এমনটি আশা স্থানীয়দের।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ০৪তলা ভিত বিশিষ্ট ০১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে ভবনটি নির্মাণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারি প্রকৌশলী-২ এইচ, এম, লুৎফুল বারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাণীনগরের উপসহকারি প্রকৌশলী সেলিম আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।