.jpg)
নিজস্ব প্রতিবেদক►
ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী পর্যন্ত সড়কসহ রেলসেতু নির্মাণের মাধ্যমে বাহাদুরাবাদ থেকে জামালপুর জেলার সড়ক ও রেল যোগাযোগ নিশ্চিত করে রংপুর বিভাগের ৮টি জেলাকে শিল্প ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষে ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে খোলাবাড়ী পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গানাসাস মার্কেটের সামনে রবিবার সকাল ১১টায় এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফ আলী বলেন, ব্রহ্মপুত্র নদে সড়কসহ রেলসেতু নির্মাণের মাধ্যমে গাইবান্ধা জেলা প্রান্তিক শহর থেকে রক্ষা পাবে; গাইবান্ধা জেলার মাধ্যমে হিলি স্থল বন্দর, কুড়িগ্রাম জেলার সোনাহাট, চিলাহাটী স্থল বন্দরগুলোর মালামাল দ্রুত সময়ে সিলেট, চিটাগংসহ রাজধানী ঢাকার পণ্য সামগ্রী দ্রুত পরিবহন করা সম্ভব এবং পণ্য পরিবহনে ব্যয় হ্রাস পাবে। সেতু বা টানেল নির্মাণের মাধ্যমে ব্রহ্মপুত্র নদ শাসন করে বালাসী থেকে খোলাবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ নিশ্চিত করলে ব্রীজ বা সেতুর দৈর্ঘ্য হবে ৪.৫০ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদে এখন পর্যন্ত কোন সেতু নির্মাণ হয় নাই।
তিস্তা, যমুনা, পদ্মা, কর্ণফুলী, মেঘনা নদীতে সেতু নির্মাণ হয়েছে। অথচ ব্রহ্মপুত্র নদে কোন সেতু নির্মাণ হয় নাই। নদী শাসনের ফলে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় সহজে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এবং অনেক বিনিয়োগকারী চরাঞ্চলের জমি কম দামে খরিদ করে সুন্দরগঞ্জ, রাজিবপুর, ফুলছড়ি, চিলমারীর এলাকাগুলোতে ভালোমানের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় উদ্যোগী হবে।
মানববন্ধন কর্মসূচিতে বালাসী থেকে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী পর্যন্ত সেতু নির্মাণের সমর্থনে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম লেবু, এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, আজিজার রহমান, লুৎফর রহমান, মিজানুর রহমান, আব্দুল হালিম, মাছুদ রানা, মৌসুমী আক্তার মিষ্টি, এ্যাডভোকেট রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক জে.এইচ মুজকুরী অনু।