Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১ বার দেখা হয়েছে

এশিয়ান কাপ ফুটবল চূড়ান্ত পর্ব নারী দল নিয়ে কেন লুকোচুরি!

এশিয়ান কাপ ফুটবল চূড়ান্ত পর্ব নারী দল নিয়ে কেন লুকোচুরি!

অনলাইন ডেস্ক ►

নারী জাতীয় দল ঠিকই জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। প্রথমবারের মতো এশিয়া-সেরা আসরে অংশ নেবেন আফঈদা খন্দকাররা। মার্চের ১ তারিখ থেকে মাঠে গড়াবে চূড়ান্ত পর্ব। অভিষেক আসরে কারা খেলবেন তা নিয়ে হইচই পড়ে যাওয়ার কথা। কারণ এই দল চূড়ান্ত পর্বে যাই করুক ইতিহাসের অংশ হয়ে থাকবে। বাংলাদেশের মেয়েরা এত বড় আসরে অংশ নেবেন কেউ কি তা ভেবেছিল?

বাফুফের সামনে তো আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো ম্যাচ নেই। মার্চের শেষের দিকে চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়ে যাওয়া হামজারা সিঙ্গাপুরের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে। এ তো শুধু আনুষ্ঠানিকতা। নারী জাতীয় দলই তো আলোচনায় বড় ইস্যু হওয়ার কথা। কারা এ স্বপ্নের দলে সুযোগ পাবেন তা তো ফুটবলপ্রেমীদের মুখে মুখে থাকার কথা। এক মাস পরই যখন স্বপ্নের অভিষেক হতে চলেছে, তখন নারী দল নিয়ে কোনো আলোচনা আছে কি? কেমন জানি নীরবতা ও লুকোচুরি দেখা যাচ্ছে।

হেড কোচ পিটার বাটলার মেয়েদের নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মেয়েরা ঘাম ঝরাচ্ছেন। এরপরও কারা আছেন বা চূড়ান্ত দলে থাকবেন তা যেন অন্ধকারে রয়েছে। অনুশীলন যে শুরু হয়েছে তাও মিডিয়াকে জানানো হয়নি। এ নিয়ে এক মিডিয়ার কাছে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বিস্ময় প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে কেন এ অবস্থা। কেউ কেউ বলছেন, কোচ বাটলারই এর জন্য দায়ী। তিনি নাকি খেলোয়াড়ের নাম গোপন রাখতে চাচ্ছেন। এর পেছনে বড় কারণ হচ্ছে সাবিনা খাতুন, মাসুরা পারভীনরা। এরা সাফ ফুটসালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশকে শিরোপা এনে দেন।

অনেকের ধারণা ছিল এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সাবিনাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখা হবে। চূড়ান্ত দলে নেওয়ার আগে অনুশীলনে তাদের যাচাই করা হবে। কিছুই হলো না। এ নিয়ে বাটলার মুখে যেন তালা দিয়েছেন। বাফুফের কি কিছু করার নেই। নাকি কিছু করলে কোচ দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এই ভয়ে? সাবিনারা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারেন তাহলে জাতীয় দলে ফিরতেই পারেন। বাফুফে তো পরিষ্কার করে কিছু বলছে না। এশিয়ান কাপে যাচ্ছে মেয়েরা। এখনো যদি সব এলোমেলো থাকে তাহলে লাভ হলো কী?

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad