
পলাশবাড়ী প্রতিনিধি ►
‘সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি’ এ শ্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা দ্যা হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, তরুণ প্রজন্মের নাগরিকদের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধির এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর বক্তব্য উপস্থাপন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) জেলা সমন্বয়কারী ফিয়াজ শরীফ তমাল। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্য সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজি’র সদস্য প্রভাষক নবীউল ইসলাম, মজিবুর রহমান, শাহজাহান মল্লিক, হাবিবুর হমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংবাদিক মতিন মোহম্মাদ, ফজলার রহমান, শিক্ষার্থীদের মধ্যে ফারহাদ ফুয়াদ তামিম, নাদিম হায়দার, আদুরী আকতার, মেঘলা আকতার প্রমুখ। সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ সমাজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের নাগরিকদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য। সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আয়োজকরা জানান, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে সভা-সংলাপ ও মতবিনিময় সভা আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।