
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর আয়োজনে ও গাইবান্ধা জেলা প্রশাসন সহযোগীতায় ২৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণমাধ্যম ও সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি,এম,হাসিবুল বেনজীর।রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ আইনি বিষয়সমূহ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো: আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন ও বাংলাদেশ শ্রম আইনে সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও তাদের পেশাগত অধিকারের সুস্পষ্ট বিধান ও আইনি সুরক্ষা রয়েছে। তবে অনেক সময় এসব আইন ও নিজেদের অধিকার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে সংবাদকর্মীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন এবং পেশাগত সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থায় বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। সমাজের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি অপপ্রচার, গুজব ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের সর্বদা সচেষ্ট ও সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিল নির্ধারিত অনুসরণীয় আচরণবিধি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন এবং পেশাগত দায়িত্ব পালনের আইনি সীমাবদ্ধতাগুলো ভালোভাবে জেনে ও মেনে কাজ করতে হবে, যা গণমাধ্যমের মর্যাদা ও পেশাদারিত্বকে অক্ষুণ্ণ রাখবে।
বিশেষ অতিথি হিসেবে প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর- তাঁর আলোচনায় আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় ও আচরণবিধি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম বলেন - দেশের সার্বিক উন্নয়ন ও সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা তাদের আইনি অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কে আরও সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন, যা তাদের কাজের মান বাড়াতে দীর্ঘমেয়াদে সহায়তা করবে।
মুক্ত আলোচনায় সাংবাদিকদের মধ্যে অংশ নেন-দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক প্রকাশক ও সম্পাদক আব্দুস ছামাদ বাবু, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, বিটিভির প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার প্রতিনিধি জোবায়ের আলী, চ্যানেল ২৪ প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, ডিবিসি প্রতিনিধি রিক্তু প্রসাদ, চ্যানেল ওয়ান প্রতিনিধি আফরোজা লুনা, মানবজমিন পত্রিকার সাদুল্যাপুর প্রতিনিধি তোফায়েল জাকির, দীপ্ত টিভির প্রতিনিধি আতাউর রহমান রানা সহ অনেকে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করেন।