
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
কবি সুকান্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘রাত্রির গভীর বৃন্ত থেকে ছিড়ে আনো ফুটন্ত সকাল’ এই শিরোনামে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের আয়োজনে শনিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নাট্য সংস্থার মিলনায়তন হয়ে উঠেছিলো সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও গুণীজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যেন এক মিলনমেলাও অনুষ্ঠিত হলো।
গাইবান্ধা উদীচী’র সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় কবি সুকান্তের ওপর আলোচনা, শিক্ষার্থীদের বৃন্দ আবৃত্তি, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। উদীচী’র শিক্ষার্থীদের পর পর বৃন্দ আবৃত্তির পর সুকান্তের ওপর কবিতা আবৃত্তি করেন দেবাশিস দাস দেবু, গৌতমাশিস গুহ সরকার, শিরিন আকতার ও পরমা।
সুকান্তের কবিতা থেকে গানে রূপান্তরিত হয়েছে এমন গান গাইলেন গাইবান্ধার বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রশিক্ষকগণদের মধ্যে শাহ মশিউর রহমান, রণজিৎ সরকার ও চুনি ইসলাম। শুরুতে আলোচনায় অধ্যক্ষ জহুরুল কাইয়ুম বলেন, কবি সুকান্ত শিশুদের বাসযোগ্য করে যেতে চেয়েছেন তাই সুকান্তের আদর্শ ও কবিতার বাণী এখনও আমাদের জন্য প্রাসঙ্গিক।
তিনি সম্প্রতি কুমিল্লার অপ্রতিম, পাবনার কলি-সহ সকল শিশুদের নির্মম হত্যার প্রসঙ্গ তুলে কবি সুকান্তের কবিতার লাইনগুলি উচ্চারণ করে বলেন, সুকান্তের আদর্শ আমাদের জন্য এখনও পালনীয় ও অনুসরণীয়।