Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪০ মিনিট আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ►রাশিয়ার তেল কেনার কারণে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় স্বার্থের’ কথা উল্লেখ করে নির্বাহী আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক একটি বিলে স্বাক্ষর করেন। আইনটির আওতায় রাশিয়ার তেল কেনা শীর্ষ পাঁচ দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল।

এ জন্য ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়, যার মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নির্বাহী আদেশ জারি করে আইনটির প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প।

এই স্থগিতাদেশ স্থায়ী নয়। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও শুল্ক আরোপের উদ্যোগ নিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।

আপাতত স্বস্তিতে ভারত

ট্রাম্পের সিদ্ধান্তের ফলে আপাতত ১০০ শতাংশ অতিরিক্ত শুল্কের আশঙ্কা থেকে স্বস্তি পেল ভারত। এর আগে দেশটি জানিয়েছিল, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত সতর্ক করে বলেছিল, এ ধরনের শুল্ক শুধু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেই প্রভাব ফেলবে না, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ট্রাম্পের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও আলোচনা

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়েও আলোচনা চলছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের আইন প্রণয়ন করা হলেও তা কার্যকরের ক্ষেত্রে অনাগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তির আওতায় প্রথম দফায় যুক্তরাষ্ট্রের ৩ লাখ টন ডিজেল পাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই ডিজেল চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এটিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি। এ কারণে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বা নেতা বেছে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad